সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশটি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে প্রকাশ করা হয়েছে।
নোটিশে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দুই কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এনসিপি সূত্রে জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা বা প্রেক্ষাপট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি অভিযুক্ত।
এর আগেই, গত শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে শওকত ইমরানের বিরুদ্ধে। অভিযোগটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয় এবং পরে তা দলীয় পর্যায়েও গুরুত্ব পায়।
এনসিপির বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব রিগান হোসেন বলেন, দলের নীতি অনুযায়ী কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে এবং তথ্য-উপাত্ত যাচাই-বাছাই চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শওকত ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনসিপি জানিয়েছে, অভিযোগগুলোর তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলটির দাবি, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আরু/



