২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না। এ কারণে সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।
এতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। বাংলাদেশের জন্য এবার মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করা হয়েছে। তবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকাদান, ভিসা প্রক্রিয়া ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি, অনুমোদিত হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময় পার হলে নিবন্ধনের সুযোগ আর বাড়ানো হবে না।
আরু|



