হজ ও উমরাহ পালনকারীদের সেবা আরও সহজ ও আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সৌদি আরব।
হাজিদের বিভিন্ন প্রশ্নের উত্তর, ধর্মীয় নির্দেশনা, চলাচলের পথ এবং ইবাদত-বন্দেগি সম্পর্কে তাৎক্ষণিক সহায়তা দিতে ব্যবহার করা হচ্ছে বহুভাষিক এআই সেবা।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নুসুক এআই’ চালুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ এই সেবা ব্যবহার করেছেন। শুধু গত মাসেই ব্যবহার করেছেন প্রায় ৩ লাখ ৯৩ হাজার মানুষ। ১৮০টির বেশি ভাষায় ভয়েস সুবিধাসহ চালু রয়েছে সেবাটি।
হাজিদের জন্য আরেকটি প্রযুক্তিনির্ভর সেবা হলো ‘ডিজিটাল মুতাওয়য়াফ’। নুসুক অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায় এই স্মার্ট সহকারী। এক মাসে এটি ব্যবহার করা হয়েছে ২০ লাখের বেশি বার। আর এর মাধ্যমে ১৪ লাখের বেশি হাজি ডিজিটালি তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন।
নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি এসডিএআইএ থেকে ‘এআই এথিকস মার্ক’ও পেয়েছে হজ ও উমরাহ মন্ত্রণালয়।
শুধু হাজিদের তাৎক্ষণিক সহায়তাই নয়, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে হজ ব্যবস্থাপনায় বিভিন্ন পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করছে সৌদি আরব। এসব তথ্য পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।
এ ছাড়া হাজিদের চলাচল, দলভিত্তিক ব্যবস্থাপনা এবং জনসমাগম নিয়ন্ত্রণেও ব্যবহার করা হচ্ছে স্মার্ট প্রযুক্তি।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘গেস্টস অব আল্লাহ সার্ভিস প্রোগ্রাম’-এর আওতায় হজ ও উমরাহ সেবাকে আরও আধুনিক করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
হজের মতো বিশাল জনসমাগমের আয়োজন আগেভাগে পরিকল্পনা ও প্রস্তুত করতে প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সৌদি আরব। এর ফলে ভবিষ্যতে হাজিদের জন্য আরও দ্রুত, সহজ ও তথ্যনির্ভর সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
আরু|



