বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে কারিগরি ত্রুটির কারণে ছয় দিন ধরে নতুন করে ভিসার আবেদন করা যাচ্ছে না। এতে বিদেশি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলোর ভিসা ও নো ভিসা রিকোয়ার্ড এনভিআর সেবা ব্যাহত হচ্ছে।
২৩ সেপ্টেম্বর থেকে ভিসা আবেদন ব্যবস্থায় এ সমস্যা দেখা দিয়েছে। সোমবারও একাধিকবার পোর্টালে প্রবেশের চেষ্টা করে ‘সার্ভার এরর’ দেখেছেন আবেদনকারীরা।
বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন ব্যবস্থাটি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সিস্টেমের সঙ্গে যুক্ত। সরকারি ভিসা পোর্টালে নতুন ভিসা, ভিসা নবায়ন, এনভিআর ও অন-অ্যারাইভাল ভিসার আবেদন করার সুবিধা রয়েছে।
কারিগরি সমস্যার কারণে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনেও ভিসা প্রক্রিয়াকরণ ও ইস্যুতে বিলম্ব হচ্ছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ২৩ সেপ্টেম্বর জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে এনভিআর ও ভিসা প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে।
জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসও জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা বা এমআরভি সার্ভার সচল নেই। ফলে এনভিআর ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সব মিশনই এ সমস্যার প্রভাবের মধ্যে রয়েছে। ডিআইপির কারিগরি দল কেন্দ্রীয় সিস্টেম দ্রুত সচল করতে কাজ করছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে, বাংলাদেশি ভিসার আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন কয়েকজন বিদেশি আবেদনকারী। ফলে দীর্ঘ সময় ধরে ভিসা কার্যক্রমে এই বিঘ্ন আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্যও ভোগান্তি তৈরি করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় সিস্টেম স্বাভাবিক হলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলোর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানানো হবে। ততক্ষণ পর্যন্ত আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং বারবার আবেদন-সংক্রান্ত যোগাযোগ না করতে অনুরোধ করা হয়েছে।
তবে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের আবেদনের অগ্রগতি ও ভিসা ইস্যু নিয়ে সংশ্লিষ্ট মিশনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় সিস্টেম সচল না হওয়া পর্যন্ত নতুন আবেদন ও ভিসা প্রক্রিয়ায় স্বাভাবিক গতি ফিরছে না।
আরু|



