বিদেশের মাটিতে নানা সমস্যায় পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হয়েছে বিশেষ উদ্যোগ। প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত এবং কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বরের সরকারি নোটিশে এ তথ্য জানানো হয়। কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি মন্ত্রণালয়ে জানাতে পারবেন।
এ জন্য প্রবাসীদের minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় অভিযোগ বা সমস্যার বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেলের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ সহজে গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ২ জুন মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়েও এই সেল গঠনের কথা জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল, প্রবাসীরা minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com এই দুই ই-মেইল ঠিকানায় সরাসরি তাদের সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন।
এদিকে প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবাসবন্ধু কল সেন্টার-এর নম্বরও দেওয়া রয়েছে। বাংলাদেশ থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮ ০৯৬১০ ১০২ ০৩০ নম্বরে যোগাযোগ করা যায়।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
আরু|



