যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির একটি সৈকতে বেড়াতে গিয়ে জোয়ারের তীব্র স্রোতে ভেসে একই পরিবারের তিন ব্রিটিশ-বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, তার কিশোরী মেয়ে এবং ভাগনে।
নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান এবং সেলিনার বোনের ৯ বছর বয়সী ছেলে মুসা আহমেদ। শেখ মনসুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (স্থানীয় সময়) বিকেলে এসেক্সের কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সিয়া সৈকতে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যান তারা। এ সময় হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে শিশু মুসা ভেসে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামেন সেলিনা রহমান। পরে মেয়ে সামিয়াও তাদের বাঁচানোর চেষ্টা করলে তিনজনই স্রোতের তোড়ে তলিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনের (RNLI) উদ্ধারকর্মী, কোস্টগার্ডের হেলিকপ্টার এবং এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক উদ্ধার অভিযান চালায়। পরে তিনজনকে উদ্ধার করা হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহতদের প্রতি শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বাংলাদেশে এনে দাফন করা হবে নাকি যুক্তরাজ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
আরু/


