চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে আওয়ামী লীগের এক সাবেক নারী নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন না থাকলেও ব্যবহৃত দুটি মোবাইল ফোন খুঁজে না পাওয়ায় তাঁর মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য তৈরি হয়েছে।
নিহত নুর নাহার স্থানীয় পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। ঘটনার দিন সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। আর অন্তঃসত্ত্বা ছোট ছেলের স্ত্রী ছিলেন বাবার বাড়িতে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তাঁরা ভেতরে ঢুকে শোবার ঘরের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদরঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নিহতের শরীরে বাহ্যিকভাবে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিখোঁজ রয়েছে। এ কারণে মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নুর নাহারের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরু|



