শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটেছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে স্বাধীনতা-পরবর্তী বঙ্গবন্ধুর শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দক্ষ ছিলেন না এবং স্বাধীনতার পর বাংলাদেশ পরিচালনা করা নানা কারণেই অত্যন্ত কঠিন ছিল।
তার ভাষ্য অনুযায়ী, এসব বাস্তবতা বঙ্গবন্ধুর শাসনামলে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ, দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বিষয়গুলোকে আড়াল বা ন্যায়সংগত করতে পারে না।
আসিফ নজরুল আরও বলেন, বঙ্গবন্ধুর শাসনামলের বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বহু মানুষ স্বাধীনতা সংগ্রামে তাঁর দীর্ঘদিনের অবদানের কারণে তাঁকে ভালোবাসতেন। কিন্তু শেখ হাসিনার শাসনামল বঙ্গবন্ধুর প্রতি সেই ভালোবাসা প্রকাশের পথ কঠিন করে তুলেছিল বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার শাসনকে ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের নিকৃষ্ট উদাহরণ’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, নিজের শাসন টিকিয়ে রাখতে শেখ হাসিনা তাঁর বাবাকে যথেচ্ছ ব্যবহার করেছেন। এর ফলে বঙ্গবন্ধু জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপিত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে।’
পোস্টের শেষাংশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড স্মরণ করেন আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের প্রায় সব সদস্যসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও দোয়া জানানোর মধ্য দিয়ে পোস্টটি শেষ করেন তিনি।
আরু|



