সময়ের প্রয়োজন, পেশাগত দায়বদ্ধতা এবং সত্য অনুসন্ধানের অঙ্গীকার থেকে আজ ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘সাদা কালো অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র’।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গবেষণা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি যে, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার আড়ালে এমন অনেক সত্য লুকিয়ে থাকে, যা অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে জনসমক্ষে তুলে আনা প্রয়োজন। সেই উপলব্ধি থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম।
আমাদের স্লোগান— “সত্যের সন্ধানে, জনস্বার্থের পক্ষে”— কেবল একটি শ্লোগান নয়; এটি আমাদের আদর্শ, অঙ্গীকার এবং কর্মপথের দিকনির্দেশনা।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
গভীর অনুসন্ধান:
ঘটনার উপরিভাগে সীমাবদ্ধ না থেকে প্রকৃত সত্যের গভীরে পৌঁছানো।
তথ্যঅনুসন্ধান ও গবেষণা:
নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে জনস্বার্থ সমুন্নত রাখা।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা:
সংবাদপত্র ও গণমাধ্যমের মর্যাদা, নৈতিকতা এবং পেশাগত মানদণ্ড অক্ষুণ্ণ রেখে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করা।
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে সংবাদ প্রচার সহজ হয়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে যাচাই-বাছাইহীন তথ্য, গুজব এবং দায়হীন সাংবাদিকতার প্রবণতা। আমি বিশ্বাস করি, দায়িত্বশীল, গবেষণাভিত্তিক ও অনুসন্ধানী সাংবাদিকতাই পারে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করতে।
সাদা কালো অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র সেই লক্ষ্য নিয়েই কাজ করবে। সত্য উদ্ঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো।
ঢাকা থেকে শুরু হওয়া এই নতুন যাত্রাপথে আমি দেশ-বিদেশের সাংবাদিক, গবেষক, লেখক, বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকদের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করছি।
আমাদের অঙ্গীকার একটাই— সত্য প্রকাশে আমরা আপসহীন।
আরু/



