মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারির পর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে এর পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ করা হলো।
ইতিহাস অনুযায়ী, ১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ নামে মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।
দীর্ঘদিন পর এবার মন্ত্রণালয়ের বাংলা নাম থেকে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হলো। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়টির বাংলা নামের আনুষ্ঠানিক পরিবর্তন কার্যকর হলো।
আরু|



