মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য সুখবর। বকেয়া কর ও ফি জমা দিয়ে কোনো জরিমানা ছাড়াই যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে। এ সুবিধা পাওয়া যাবে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কেবল বকেয়া মূল কর ও প্রযোজ্য ফি পরিশোধ করেই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী অতিরিক্ত জরিমানা ছাড়াই এসব সেবা নেওয়ার সুযোগ থাকছে।
বিআরটিএ জানিয়েছে, যানবাহন মালিক ও চালকদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হলেও ২৯ অক্টোবর পর্যন্তই দেওয়া হয়েছে শেষ সুযোগ। তাই জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তী সময়ে জরিমানা প্রযোজ্য হতে পারে। তাই শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরু|



