সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা বাড়ানোর বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, মার্কেট ও শপিং মল। এতে প্রতিষ্ঠানগুলো বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
এর আগে, গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়। ওই বিশেষ সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আবার রাত ৮টায় বন্ধের নিয়ম কার্যকর হচ্ছে।
চলতি বছর জ্বালানিসংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে সেই সময়সীমা কমিয়ে রাত ৯টা করা হয়। পরে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট খোলা রাখার সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়।
সবশেষে দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলেও সেই সুবিধা শেষ হয়েছে। ফলে আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আগের নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে দোকানপাট, মার্কেট ও শপিং মলগুলোকে।
আরু|



