যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভুল তথ্য দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর গুরুতর নিষেধাজ্ঞা আসতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) এক বার্তায় ভিসা আবেদনকারীদের এ বিষয়ে সতর্ক করে মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর আগের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকতে পারেন। তাই ভিসা সাক্ষাৎকারে সত্য ও সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা আবেদনকারীকে আবেদনপত্র সম্পূর্ণ ও নির্ভুলভাবে পূরণ করতে এবং ভ্রমণের উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে সঠিক তথ্য দিতে হয়। সাক্ষাৎকারে কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর যোগ্যতা ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন বা ভুলভাবে উপস্থাপন করলে তা ‘ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশন’ হিসেবে বিবেচিত হতে পারে। এমন ক্ষেত্রে ভিসার জন্য স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার বিধান রয়েছে।
তবে সব ধরনের ভুল একইভাবে বিবেচিত হয় না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘মেটেরিয়াল ফ্যাক্ট’ সম্পর্কে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য বা প্রতারণার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের কারণে অযোগ্য ঘোষিত হলে কিছু ক্ষেত্রে আইনি বিধান অনুযায়ী ছাড় বা ‘ওয়েভার’-এর সুযোগ থাকতে পারে।
তাই ভিসা আবেদন ও সাক্ষাৎকারের সময় নিজের ভ্রমণের উদ্দেশ্য, আগের ইমিগ্রেশন ইতিহাস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
আরু|



