ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পে মাত্র ১ দশমিক ২ শতাংশ ত্রুটি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ত্রুটির হার অত্যন্ত নগণ্য দাবি করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি, ভবিষ্যতেও হবে না।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও সহায়তা সঠিকভাবে এবং দক্ষতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। তবে দেশে সহায়তা বিতরণের ক্ষেত্রে দুর্নীতি, অপচয় ও দুর্বল ব্যবস্থাপনার কারণে অনেক সম্পদ নষ্ট হয়।
তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। বন্যা-পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি নতুন অর্থনৈতিক মডেলেও এই যৌথ অংশীদারত্বের মাধ্যমে কাজ করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, সরকার প্রাথমিকভাবে জরুরি সহায়তা দিলেও পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রতিবন্ধীদের সহায়তা ও অন্যান্য পুনর্বাসন কার্যক্রমে এনজিও এবং বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। সরকারের সম্পদ ও বেসরকারি খাতের সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগিয়ে পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে সবকিছু দক্ষতার সঙ্গে বিতরণ করা কঠিন। তবে বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিও যুক্ত থাকলে কাজের দক্ষতা বাড়ে এবং দুর্নীতি ও অপচয় কমে আসে।
বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন পর্যন্ত তিনি কোনো দুর্নীতির অভিযোগের কথা জানতে পারেননি। ফ্যামিলি কার্ডের মতো কার্যকর ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি অপচয় ও দুর্নীতি কমানো সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ায় তাদের প্রশংসা করেন তিনি। সাধারণ মানুষের যথাযথ পুনর্বাসন নিশ্চিত না হলে প্রকৃত সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন আমির খসরু।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আমিরুল হক চৌধুরী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরু|



