প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষই বিদ্যমান সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।
এর আগে সফরের প্রথম দিন, বৃহস্পতিবার (৩০ জুলাই), মার্কিন বিশেষ দূত সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (Travel Advisory) হালনাগাদ করে। দেশটির পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ (Reconsider Travel) থেকে লেভেল-২ (Exercise Increased Caution)-এ নামিয়ে আনার সিদ্ধান্ত জানায়। এই পরিবর্তনকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সফরের দ্বিতীয় দিনে সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। প্রতিনিধিদলটি ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪-এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে। এ সময় অনেক রোহিঙ্গা নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন গতি আনতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরু/


