দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের উপকারিতা সম্পর্কে জানারও আহ্বান জানান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে। সেটা স্কুলে হোক কিংবা বাসার আশপাশে। গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ কী পরিমাণ অক্সিজেন দেয়, পরিবেশ ও মানুষের কী উপকার করে—এসব বিষয়ও জানার চেষ্টা করবে।”
তিনি বলেন, প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার অভ্যাস গড়ে তুললে শিশুদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়বে। স্কুলে লাগানো গাছ একসময় বড় হয়ে শিক্ষার্থীদের ছায়া দেবে, আর বাড়ির গাছ পরিবেশ শীতল রাখতে ও বিশুদ্ধ বাতাস দিতে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনটি স্মরণীয়। কারণ আজ আমরা সারা দেশে একসঙ্গে বিপুলসংখ্যক গাছ রোপণ করছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরু/


