ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় বসছে। বাজেট পাসের পর গত ৩০ জুন অধিবেশন মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। একইসঙ্গে অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে অনুমোদন পেয়েছে। প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় সরকার ও বিরোধী দলের মোট ২৯১ জন সংসদ সদস্য অংশ নেন। আলোচনা চলাকালে অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, নির্বাচন, আইনশৃঙ্খলা এবং জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরতির পর শুরু হওয়া বৈঠকে প্রশ্নোত্তর, সরকারি ও বেসরকারি সদস্যদের কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয় এবং প্রয়োজনীয় আইন প্রণয়নসংক্রান্ত কার্যসূচি নিয়ে আলোচনা হবে। অধিবেশনে নতুন বিল উত্থাপন ও বিভিন্ন সংসদীয় কমিটির প্রতিবেদনও উপস্থাপন করা হতে পারে।
এর আগে গত ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের পর টানা কয়েক দফায় বাজেটের ওপর সাধারণ ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বাজেট পাসের মধ্য দিয়ে নতুন অর্থবছরের রাজস্ব ও ব্যয় পরিকল্পনা অনুমোদন পায় সংসদ।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।
আরু/


