মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এক কমলা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার কাণ্ড। যাত্রীদের রসিকতার জেরে এবার মেট্রোর ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ হিসেবে জায়গা করে নিয়েছে স্টেশনের এই পরিচিত বিড়ালটি।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে ঘোরাফেরা করে বিড়ালটি। এক যাত্রী মজা করে বিড়ালটিকে সরকারি পদ দেওয়ার দাবি জানান। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
যাত্রী সন্দেশ সামন্ত স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। মজার ছলে তিনি লেখেন, স্টেশনের এই নিষ্পাপ প্রাণীটিকে একটি সরকারি পদ দেওয়া হোক। কারণ, এটি এতদিন ধরে বিনা বেতনেই কাজ করছে।
যাত্রীদের সেই রসিকতায় সাড়া দিয়ে এমএমএমওসিএলও মজার পোস্ট দেয়। সেখানে বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলা হয়, তার দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখান থেকে সবাই তাকে দেখতে পারে।
মেট্রো কর্তৃপক্ষ আরও মজা করে জানায়, এখন পর্যন্ত বিড়ালটির ‘কর্মদক্ষতা’ একেবারেই নিখুঁত।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক যাত্রী জানান, তারা প্রতিদিন স্টেশনে এসে বিড়ালটিকে খোঁজেন। কেউ কেউ আবার মজা করে তাকে ‘চিফ মাউস ক্যাচার’ বা ‘প্রধান ইঁদুর শিকারি’ পদ দেওয়ার দাবিও তুলেছেন।
মানুষের ভিড়ে মেট্রো স্টেশনের এই বিড়ালটি এখন যেন গুণ্ডাওয়ালির সবচেয়ে জনপ্রিয় ‘কর্মকর্তা’!
আরু|



