চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)।
শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।
এ বছর গত ২ জুলাই সারা দেশে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও স্থগিত লিখিত পরীক্ষার কারণে কিছু ক্ষেত্রে সময়সূচিতে পরিবর্তন আসে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়া হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তবে নিবন্ধিত সব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
ফল প্রকাশের তারিখ নির্ধারণের পর এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আগামী ২৯ অক্টোবর প্রকাশিত ফলের মাধ্যমে জানা যাবে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের চিত্র।
আরু|



