হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে পূর্বনির্ধারিত দুটি ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, উত্তরাঞ্চলের রোডম্যাপ অনুযায়ী বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারে নির্ধারিত পদযাত্রা আপাতত স্থগিত থাকবে। এর পরিবর্তে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সারজিস আলম জানান, ওই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস লেখেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
এনসিপির দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতাকর্মী আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
সারজিস আলম অভিযোগ করেন, হামলায় কয়েকজন কর্মীর হাত ভেঙে গেছে, অনেকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এই ঘটনার প্রতিবাদেই বুধবার হবিগঞ্জে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।
উল্লেখ্য, হামলার ঘটনায় বিএনপি বা তারেক রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলো এনসিপির বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।
আরু/


