ইন্দোনেশিয়ায় আবারও বিক্ষোভ ঘিরে উত্তেজনা! প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছর পূর্তির দিনে রাজধানী জাকার্তায় সম্ভাব্য বিক্ষোভ সামাল দিতে সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকট, শেয়ারবাজারে ধস ও পরিবেশগত নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক বনাঞ্চলের দাবানল, শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন। এসব ঘটনাকে তাঁরা জাতীয় অর্থনীতির দুর্বলতার প্রতিফলন হিসেবে দেখছেন।
এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়েছে।
বিক্ষোভের এই পরিস্থিতিতে চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ২০২৪ সালের ২০ অক্টোবর দায়িত্ব নেওয়া এই সাবেক জেনারেলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে তাঁর জনপ্রিয়তা ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি বছরের অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৫ শতাংশে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ এবং সরকারের বিভিন্ন কর্মসূচির প্রভাব নিয়ে উদ্বেগকে জনপ্রিয়তা কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এর আগে ২০২৫ সালে এক মোটরবাইক চালকের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। চলতি বছরের আগস্টেও বড় ধরনের বিক্ষোভের পর জাকার্তায় তিন শতাধিক মানুষকে আটক করে পুলিশ।
এবারের বিক্ষোভে কতসংখ্যক শিক্ষার্থী অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে অর্থনৈতিক চাপ ও সরকারের প্রতি জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স।
আরু|



