ইতালির সিসিলি দ্বীপে ফের সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। অগ্ন্যুৎপাত থেকে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ তৈরি হওয়ায় বিমান চলাচলে জারি করা হয়েছে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’। বন্ধ করে দেওয়া হয়েছে সিসিলির আকাশসীমার একটি অংশ।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি আইএনজিভি জানিয়েছে, এতনার উত্তর-পূর্ব ক্রেটার থেকে ছাই নির্গত হয়ে দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে কাতানিয়া বিমানবন্দরের কার্যক্রমে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়।
আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়ার পর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন দুই ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের আগে প্রতি ঘণ্টায় স্বাভাবিক ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল। পরে সব আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়।
অগ্ন্যুৎপাতের প্রভাবে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে পাঁচটি পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোতে সরিয়ে নেওয়া হয়।
আইএনজিভির তথ্য অনুযায়ী, বিমান চলাচলের জন্য জারি করা ‘রেড’ সতর্কতা চার স্তরের মধ্যে সর্বোচ্চ। আগ্নেয় ছাই বিমানের ইঞ্জিন ও উড্ডয়ন নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে বলে ছাইয়ের গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রায়ই অগ্ন্যুৎপাত হওয়া মাউন্ট এতনা এর আগেও সিসিলির বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। এবারের ছাইয়ের মেঘ কাতানিয়ার দিকে ছড়িয়ে পড়ায় আবারও সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
আরু|



