হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের দেওয়া সাত দিনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের কাছে কাতারের মাধ্যমে একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে স্বাভাবিক নৌ চলাচল চালু করা সম্ভব বলে জানান তিনি।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং লেবাননসহ সংশ্লিষ্ট অঞ্চলে যুদ্ধবিরতি মেনে নেওয়ার মতো পদক্ষেপ নিতে হবে। এরপর কয়েক দিনের মধ্যে প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান আরাঘচি। সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় বসার প্রস্তাব রয়েছে।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলমান এবং এসব আলোচনায় পারমাণবিক ইস্যুও রয়েছে বলে জানিয়েছে ইরান।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। এ অবস্থায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক হওয়ার উদ্যোগ কোন দিকে যায়, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরু|



