একা হাতে নদী পরিষ্কার করে সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন ভারতের মধ্যপ্রদেশের তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। সামাজিকমাধ্যমে ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণের কাজ এবার নজর কেড়েছে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবিষয়ক সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। সুরেন্দ্রের কাজের প্রশংসা করে তাকে নিজের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়েছেন তিনি।
ভারতের অনেক নদীর মতো মধ্যপ্রদেশের আজনার নদীও দীর্ঘদিন ধরে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। নদী ও এর আশপাশে বছরের পর বছর ধরে জমেছিল প্লাস্টিক, কাদা, শেওলা ও নানা ধরনের বর্জ্য। এতে একপর্যায়ে নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হয়। নদীর পাশে থাকা একটি স্থানীয় মন্দিরের আশপাশের পরিবেশও হয়ে উঠেছিল অত্যন্ত নোংরা। দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি দেখে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেই নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন সুরেন্দ্র। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে তিনি আজনার নদী পরিষ্কারের কাজ শুরু করেন।
শুরুতে কয়েকজন বন্ধু তাকে সহযোগিতা করলেও পরে প্রায় একাই কাজ চালিয়ে যেতে হয় তাকে। সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করে নদীতে নেমে হাতে হাতে বিপুল পরিমাণ প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য বর্জ্য তুলে ফেলেন তিনি।
তবে কাজটি মোটেও সহজ ছিল না। পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রী ছাড়াই নদীতে নামতেন সুরেন্দ্র। এমনকি তিনি সাঁতারও জানতেন না। তারপরও পরিবেশ রক্ষার তাগিদে দিনের পর দিন ঝুঁকি নিয়ে নদী পরিষ্কারের কাজ চালিয়ে যান।
সুরেন্দ্রের এই উদ্যোগের ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়। তার একক প্রচেষ্টা নজরে আসে পরিবেশকর্মী বোয়ান স্লাটেরও। পরে স্লাট সুরেন্দ্রের কাজের প্রশংসা করে তাকে ‘দ্য ওশান ক্লিনআপ’-এ কাজ করার প্রস্তাব দেন।
সাধারণ পরিবারের সন্তান সুরেন্দ্র বর্তমানে বাবা-মায়ের সঙ্গে থাকেন। প্রায় ২০ বছর বয়সী এই তরুণ স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিজের উদ্যোগে একটি নদী পরিষ্কারের মাধ্যমে তিনি এখন শুধু সামাজিকমাধ্যমেই আলোচনায় নন, আন্তর্জাতিক একটি পরিবেশ সংস্থারও নজর কেড়েছেন।
আরু|



