ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছাড়লেন, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি।
ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল। কেন, কী কারণে সেসব নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটা দিলাম। এরপর কী হবে, জগন্নাথ জানেন। সময়ই সব বলবে।”
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। তার ভাষ্য, ২০২৫ সালেই তিনি প্রতিষ্ঠানটি ছাড়ার বিষয়ে মনস্থির করেছিলেন।
নিজের সাংবাদিকতা ও মতাদর্শ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি লেখেন, তাঁর কাজ ছিল জনমত তৈরি করা, রাষ্ট্রবাদ ও হিন্দুত্ববাদকে সমর্থন করা এবং দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তবে কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।
ময়ূখ আরও লেখেন, তাকে ঘিরে মানুষের আগ্রহ ও বিতর্কই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। কেউ যেমন তাকে সমর্থন করেন, তেমনি অনেকে সমালোচনাও করেন। এই বিষয়টিকে তিনি নিজের “এনগেজমেন্ট ম্যাট্রিক্স” হিসেবে উল্লেখ করেন।
পোস্টের শেষদিকে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “যারা ভাবছেন আপদ বিদায় হয়েছে, তারা অপেক্ষা করুন। খেলা কেবল শুরু।”
একই দিনে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে “একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান” বলে মন্তব্য করেন। এর আগে এই গণঅভ্যুত্থান নিয়ে তার বিভিন্ন মন্তব্য বাংলাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।
উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের বাংলা টেলিভিশন সাংবাদিকতার পরিচিত মুখ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে তার ধারাবাহিক মন্তব্যের কারণে তিনি বাংলাদেশেও আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন। তবে রিপাবলিক বাংলা ছাড়ার পর তিনি কোথায় যোগ দিচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আরু||খব



