ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউ অর্জনের নতুন বিশ্বরেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় ৩০ কোটি ৩০ লাখ (৩০৩ মিলিয়ন) বার দেখা হয়। প্রকাশের পর থেকে ভিডিওটির মোট ভিউ প্রায় ৩৩ কোটিতে পৌঁছেছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩০ কোটি ভিউয়ের রেকর্ড ছিল মার্কিন কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের একটি ইনস্টাগ্রাম রিলের দখলে। মোদির নতুন ভিডিও সেই রেকর্ড অতিক্রম করেছে বলে দাবি করা হচ্ছে।
রেকর্ড গড়া ভিডিওটি প্রকাশের পর মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিওটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। সেলফি স্টাইলে ধারণ করা ওই সংক্ষিপ্ত ভিডিওতে তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের কথাও উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, আন্দোলনরত জেন-জি প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যেই মোদি ভিডিওটিতে সহজ ও অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করেছেন। একই সঙ্গে ভিডিও প্রকাশের সময়ও এমনভাবে নির্ধারণ করা হয়, যখন তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা তুলনামূলক বেশি থাকে।
রিলটি ব্যাপক সাড়া পাওয়ার একদিন পর আবারও ইনস্টাগ্রামে একটি ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি তরুণদের সমর্থন, ইতিবাচক মতামত এবং গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানান।
ভিডিওর শুরুতেই তিনি বলেন, “ধন্যবাদ বন্ধুরা।” এরপর তিনি উল্লেখ করেন, জনগণের মতামত নেতৃত্ব ও নাগরিকদের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও দেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।
আরু/


