সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের মূল লক্ষ্য। এ কারণে এবারের কার্যক্রমকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগের ধাপে বাদ পড়া শিশুদের পাশাপাশি দুর্গম এলাকা, চরাঞ্চল ও অন্যান্য সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে কর্মসূচির আওতায় আনার আশা রয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী বাদ পড়া ও নতুন করে টিকার উপযুক্ত হওয়া শিশুদের এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কর্মসূচিটি ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রত্যন্ত চরাঞ্চল, সব জায়গায় শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন মাঠকর্মীরা। প্রতিবন্ধী শিশু এবং কোনো কারণে আগের কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও বিশেষভাবে শনাক্ত করা হচ্ছে।
টিকাদান কার্যক্রমে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, বাধা বা চ্যালেঞ্জ থাকলেও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে।
আরু|



