দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছরের তথ্য ও এপিডেমিওলজিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, বৃষ্টি, উষ্ণ তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
ডেঙ্গু মোকাবিলায় সরকার তিন মাসের একটি বিশেষ ক্যাম্পেইন চালুর উদ্যোগ নিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হার কমানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।
রোগী বাড়ার সম্ভাবনা বিবেচনায় হাসপাতালগুলোতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত শয্যা প্রস্তুত রাখা, পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে বড় ধরনের শয্যা সংকট নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ডেঙ্গু রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রায় ৩০০ চিকিৎসককে ডেঙ্গুর স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের ভেতরে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশারি সরবরাহ ও ঘনবসতিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন নয়, সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে সাম্প্রতিক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছিল। ৩ সেপ্টেম্বরের হিসাবে এক দিনে ১ হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান চারজন। চলতি বছরে তখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৩২ ছাড়িয়েছিল।
আলোচনা অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার হার বাড়ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আত্মহত্যা কমাতে মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আরু|



