রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিউগ্রিনি প্রপার্টিজে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। একটি পক্ষ তাদের জমিতে যেতে পারছিল না। এ নিয়ে লোকজন নিয়ে এসে হামলা চালানোর সময় ওই বিরোধের মধ্যে পড়ে যায় সালমান মুক্তাদিরের স্টুডিও। একপর্যায়ে সেখানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক বলেন, হামলার ঘটনায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এদিকে হামলার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান সালমান মুক্তাদির।
তিনি বলেন, স্টুডিওতে ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ ফুটেজ ও শুটিংয়ের বিভিন্ন সরঞ্জাম ছিল। সেগুলো হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যায় পড়েছেন তিনি।
নিজের ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে।’ তার দাবি, সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির জন্য দেশে এমন স্টুডিও খুব বেশি নেই। স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু তার ব্যক্তিগত নয়, সামগ্রিকভাবেও ক্ষতি হয়েছে।
হামলার ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন সালমান। তিনি বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’
তবে সালমানের এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতা বা কর্মীর বক্তব্য পাওয়া যায়নি।
হামলার পরও কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সালমান। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা রিলাক্স। এটা কিছুই না। আমরা এখানেই কাজ করব।’
তিনি আরও বলেন, স্টুডিওটি শুধু তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এর সঙ্গে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজ জড়িত। তাই ক্ষতিগ্রস্ত হলেও তিনি থেমে যেতে চান না।
সালমানের ভাষায়, ‘আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’
হামলার ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং হামলায় জড়িতদের পরিচয়ও পুলিশ নিশ্চিত করেনি।
আরু|



