নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার মধ্যে আটকা পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান ও তার দল। দেশটির উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের খবর ছড়িয়ে পড়ার পর তাসরিফের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন তাসরিফ খান। তিনি জানিয়েছেন, তারা এখনও নেপালেই অবস্থান করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ বলেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি।’ একই সঙ্গে নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করেন তিনি।
তাসরিফ জানান, উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানান তিনি।
তাসরিফের নিরাপত্তার খবর জানতে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য ভক্ত ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। তাদের উদ্বেগ, ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।
শুধু নিজের ও দলের নিরাপত্তা নিয়েই নয়, দুর্যোগে আটকে পড়া ও বিপদগ্রস্ত মানুষের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাসরিফ। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সব মানুষের জন্য তিনি মন থেকে দোয়া করছেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনেন এমন প্রার্থনাও করেন তিনি।
সবশেষে নিজের ও দলের জন্যও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তাসরিফ। তিনি বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সংগীতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত তাসরিফ খান বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় থাকা এই শিল্পী ও তার দলের নিরাপত্তার খবর পেয়ে স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।
আরু|



