সরকারি ও বেসরকারি সব স্কুল-কলেজে ক্রীড়া কার্যক্রম নিয়মিত চালু রাখার পাশাপাশি এসব কার্যক্রমের তথ্য প্রতি মাসে প্রমাণকসহ পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। একই সঙ্গে ক্রীড়া কার্যক্রম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন তৈরিতেও সহায়ক।
মাউশি জানিয়েছে, শিক্ষার গুণগত মানোন্নয়নেও ক্রীড়া কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখে। এ কারণে মাউশির আওতাধীন স্কুল ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়িত ক্রীড়া কার্যক্রমের তথ্য প্রতিষ্ঠানভিত্তিকভাবে সংগ্রহ করে পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ কোনো মাসে অনুষ্ঠিত খেলাধুলার তথ্য পরের মাসের প্রথম সপ্তাহেই নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে।
তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ক্রীড়া কার্যক্রমের প্রয়োজনীয় প্রমাণকও পাঠাতে হবে। এ জন্য নির্ধারিত [sports.phy72@gmail.com](mailto:sports.phy72@gmail.com) ই-মেইল ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে। তথ্য পাঠানোর ক্ষেত্রে মাউশির নির্ধারিত ছক অনুসরণ করতে হবে।
নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসে অনুষ্ঠিত ক্রীড়া আয়োজনের ধরন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা এবং খেলার নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি পরবর্তী মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে এমন ক্রীড়া কার্যক্রমের ধরন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যার তথ্যও দিতে হবে।
মাউশির এই নির্দেশনার মাধ্যমে স্কুল-কলেজে ক্রীড়া কার্যক্রমের নিয়মিত বাস্তবায়ন, তদারকি ও তথ্য সংরক্ষণ আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়েও এতে গুরুত্ব দেওয়া হয়েছে।
আরু|



