সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ এবং পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত সড়ক ও বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
আরু/



