চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নতুন রেকর্ড গড়েছে পরিচালন প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। মাত্র ২১ ঘণ্টায় ১ হাজার ৫২৪টি কনটেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি, যা পরিমাণের হিসাবে ২ হাজার ৫৭১ টিইইউ। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৭২টি কনটেইনার মুভ এবং ১২২ টিইইউ হ্যান্ডলিংয়ের রেকর্ডও অর্জিত হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন ও প্রতিষ্ঠানটির বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, গত ১৮ অক্টোবর ফরাসি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ (MV AMOUREUX) পরিচালনার সময় এ সাফল্য অর্জন করে আরএসজিটি বাংলাদেশ। পিসিটিতে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন কার্যক্রম চালুর পর এটিই ঘণ্টাপ্রতি কনটেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮টি কনটেইনার মুভ এবং ৮২ টিইইউ হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছিল প্রতিষ্ঠানটি। নতুন অর্জনে ঘণ্টাপ্রতি কনটেইনার মুভের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৭২ এবং টিইইউ হ্যান্ডলিংয়ের পরিমাণ ৮২ থেকে বেড়ে ১২২ হয়েছে। অর্থাৎ আগের রেকর্ডের তুলনায় ঘণ্টাপ্রতি কনটেইনার মুভ বেড়েছে প্রায় ২৪ শতাংশ এবং টিইইউ হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।
পিসিটিতে চলতি বছরের আগস্টে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেনের কার্যক্রম চালু হয়। জাহাজ থেকে সরাসরি কনটেইনার ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত এসব ক্রেন টার্মিনালের পরিচালন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন রেকর্ডকে আধুনিক সরঞ্জাম, দক্ষ পরিচালন দল এবং সমন্বিত টার্মিনাল ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখছে পরিচালন প্রতিষ্ঠানটি।
এ অর্জনের প্রশংসা করেছে জাহাজটির পরিচালনাকারী আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম কর্তৃপক্ষ। আরএসজিটি বাংলাদেশের ভাষ্য অনুযায়ী, জাহাজটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতার প্রশংসা করেছে তারা।
নতুন মাইলফলক প্রসঙ্গে আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা ও বিশ্বাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে প্রতিষ্ঠানটি। পরিচালন দক্ষতায় নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতিতে তারা অবিচল। বৈশ্বিক সামুদ্রিক পরিবহন খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতেও কাজ করছেন তাঁরা।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের (আরএসজিটিআই) সহযোগী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। ২০২৪ সালের জুনে টার্মিনালটির পরিচালন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। টার্মিনালটির কার্যক্রমে উৎপাদনশীলতা বাড়ানো এবং আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর চাহিদা পূরণের সক্ষমতা উন্নয়নে কাজ করছে তারা।
সংশ্লিষ্টদের মতে, জাহাজ থেকে দ্রুত কনটেইনার ওঠানো-নামানো সম্ভব হলে জাহাজের বন্দরে অবস্থানের সময় কমানো এবং সামগ্রিক বন্দর কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়। পিসিটিতে নতুন এই রেকর্ড বাংলাদেশের সমুদ্রবন্দরের পরিচালন দক্ষতা ও আন্তর্জাতিক বাণিজ্যসেবার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযো গ্য অগ্রগতি।
আরু|



