হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
উদ্ধার করা হয়েছে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত। এসব স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস গোয়েন্দার হিসাবে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় সিআইআইডির এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালান। তখন গাড়ির ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
এ ছাড়া গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, যার মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু সামগ্রী পাওয়া যায়।
কর্মকর্তারা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন, উদ্ধার করা স্বর্ণগুলো ২৪ ক্যারেটের।
এ ঘটনায় গাড়ির চালক শামীম মিয়ার সংশ্লিষ্টতা এবং স্বর্ণের উৎস খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলছে।
আরু|খব



