সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উপলক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) থেকে শিব দর্শন ও মেলা বসবে৷
এ শিব দর্শন ও মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে । প্রতিবছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী আসেন, পাশাপাশি মেলা উপলক্ষ্যে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।
প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেব অর্থাৎ শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকেন। পূজারিদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া।
জানা গেছে , মহেশখালী উপজেলা আদিনাথ সংস্কার কমিটি ও সীতাকুণ্ড সাইন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৮ মার্চ (শুক্রবার) থেকে ১০ দিনব্যাপী পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, ও আনসার মোতায়ন করা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষনিক টহলে থাকবে। তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন চলাচল সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।
শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে (কাউন্সিলর) বলেন, মেলার প্রথম তিনদিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ৭ দিন সহ মোট ১০ দিন চলবে মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব্যবস্থা থাকবে এবং অনৈতিক কর্মকাণ্ড ও যে কোন ধরনের জুয়া থাকবে না। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে। এইবার দুইশত অধিক দোকানপাট বসছে।
মেলায় আগত তীর্থযাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিতে যেন কোনরূপ অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী- এমনটি সুস্পষ্ট ঘোষণা দেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমা।


