সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। তার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো করে দেখার সুযোগ নেই। ইতোমধ্যে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানানো হবে। তাকে দেশে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।
সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তার আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে শেখ হাসিনার নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় নতুন করে এসব নথি দেওয়ার আবেদন জানানো হয়েছে।
তবে এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী কিংবা বিদেশি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিশ বা প্রতিনিধিত্ব করলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে হুমায়ুন কবির বলেন, তার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়েও সমালোচনা করেন তিনি। প্রতিমন্ত্রীর দাবি, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।
যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। পরে তাদের সরে যেতে হয়। যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এর আগে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে সরকারের অবস্থান স্পষ্ট নতুন কোনো ভ্রমণ নথি দেওয়া হবে না; দেশে ফিরতে হলে ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে হবে।
আরু|



