বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকালে শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরীফ শহরের তালুকদারপাড়া এলাকার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে ঝিরির মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরু|



