চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। প্রস্রাব করার কথা বলে বাইরে বের হয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
শনিবার উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
আটক ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাটসংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
এ ঘটনায় জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেও অভিযান চালিয়ে ইয়াসিনকে আবার আটক করা হয়েছে। পরে তাঁকে থানায় আনা হচ্ছে বলে জানান তিনি।
আরু|



