চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আটক করা হয়েছে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ছয়জন মাদক কারবারিকে।
রোববার (৮ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, কচুয়ায় ৬ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জন রয়েছেন।
এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আরও ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরু|



