চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এক পক্ষের নেতাকর্মীরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।
শনিবার রাতে ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের হেঁয়াকো বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তার বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে কী কারণে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের কাছাকাছি এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের একজন করে ছুরিকাঘাতে আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি বিবেচনায় ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সংঘর্ষের পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
আরু|



