নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পাশাপাশি একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো তাঁর নাম চূড়ান্ত হয়নি।
উল্লেখযোগ্য বিষয় হলো, কমিটিতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব এবং স্বার্থের সংঘাত এড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। ওই সময় তিনি বোর্ডের নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
কমিটি গঠনের বিষয়ে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরেই এমন একটি কমিটি গঠনের দাবি ছিল। এখন তা বাস্তবায়ন করা হয়েছে। যেকোনো ক্রিকেটার চাইলে এই কমিটির কাছে এসে নিজের অভিযোগ ও অভিজ্ঞতার কথা জানাতে পারবেন।
নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করেছিল বিসিবি।
নারী ক্রিকেটারদের অভিযোগ জানানোর জন্য স্বাধীন এই কমিটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।
আরু|



