জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের আটজন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেবে সরকার। সততা, কর্মদক্ষতা, বীরত্বপূর্ণ অবদান ও শৃঙ্খলার ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হবে।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে বিভাগীয় কমিশনারদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও পেশাগত কাজের স্বীকৃতি দিতেই এ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে আট বিভাগের প্রত্যেকটি থেকে একজন করে শ্রেষ্ঠ সদস্যকে পুরস্কৃত করা হবে। এ জন্য প্রতিটি বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা থেকে যোগ্য সদস্য বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত ব্যক্তি দফাদার অথবা মহল্লাদার হতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচিত সদস্যদের নামের তালিকা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যয়নসহ ২৮ অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার ই-মেইলে পাঠাতে হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরু|



