বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকির সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাইটটি বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
সাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের পর থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি চালু করা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা এবং ওয়েবসাইটের সুরক্ষা জোরদারে কাজ করছেন। তবে ওয়েবসাইটটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
এদিকে, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব দুর্বলতা শনাক্ত করে। ত্রুটিগুলোর বিষয়ে তথ্য প্রকাশের পর ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকারও এ বিষয়ে সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কের মাধ্যমে প্রায় ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয় হ্যাকাররা। ওই ঘটনার পর থেকে দেশের আর্থিক খাতের সাইবার নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়ে আসছে।
বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে ওয়েবসাইট বন্ধ রেখে নিরাপত্তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিক থাকায় নিয়মিত ব্যাংকিং কার্যক্রমে প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরু|



