সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি এবং কতজন ভারতীয়, তা নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।
সৌদি সংবাদমাধ্যম আল-সাবক এবং দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদ অঞ্চলে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়েছে। জনসমাগমস্থলসহ বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিস্তার রোধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সাধারণ মানুষকে দান-খয়রাতের অর্থ অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির জননিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের মতে, বৈধ মাধ্যম ব্যবহার করে অনুদান দিলে তা প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা সহজ হবে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, ভিক্ষাবৃত্তির সব ধরনের কার্যক্রম বন্ধ করা এবং প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আরু|



