ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলে সমালোচনা করায় শাস্তির মুখে পড়েছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। তাঁকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ওই ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় দলটি। ম্যাচে মিশরের একটি গোল বাতিল করা হয়। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জিকো। এ সময় রেফারিকে ‘জালিম’ বলে সম্বোধন করেন তিনি। এই ঘটনার জেরেই ফিফার শাস্তির মুখে পড়েন মিশরের এই উইঙ্গার।
এই নিষেধাজ্ঞা মিশরের জাতীয় দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) হোসাম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে।
নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। এ ছাড়া ২০২৭ সালের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচেও নিষিদ্ধ থাকবেন তাঁরা।
অন্যদিকে, জিকোর নিষেধাজ্ঞার মেয়াদ আরও দীর্ঘ। ২০২৭ সালের জুনের আগে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না এই উইঙ্গার। ফলে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মিশরের বাকি চারটি ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে পাবে না দলটি।
আরু|



