চট্টগ্রামের রাউজানে দুই যুবককে আটকের পর পুলিশকে ঘেরাও ও ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, হয়রানি করে দুই যুবককে আটক করা হয়েছিল। তবে পুলিশ বলছে, কিশোর গ্যাং প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
সোমবার রাতে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন সদস্য এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় অটোরিকশাচালক সাঈদ ও নির্মাণশ্রমিক মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলা হয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের গাড়ি আটকে দেন। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ধাওয়া দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতার তীব্র প্রতিবাদের মুখে আটক দুই যুবককে ছেড়ে দেয় পুলিশ।
পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে থানায় ফিরে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযান চালাতে গিয়েছিল। স্থানীয়দের বাধা ও প্রতিরোধের মুখে কোনো পদক্ষেপ না নিয়েই টিমটি থানায় ফিরে আসে।
আরু|



