ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার টাকা সময়মতো পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের ভাতার অর্থ উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস, টাকাপে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ বা G2P পদ্ধতিতে সরাসরি পাঠানো হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রতি মাসের কিস্তির টাকা পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএসে হালনাগাদ করতে হবে।
এ ছাড়া কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে, বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
ভাতার অর্থ নিয়মিত ও সঠিকভাবে পাঠানোর লক্ষ্যে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেনের সই করা চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
আরু|



