ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।
তিনি বলেছেন, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষ হলেও কাউকে ভয় পাচ্ছে না বাংলাদেশ। বরং এই টুর্নামেন্টকে নিজেদের সামর্থ্য দেখানো ও অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছেন তারা।
গত সোমবার বাংলাদেশ দলে যোগ দেন হামজা। এরপর দলের সঙ্গে শেষ তিন দিন অনুশীলন করেছেন তিনি। আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য বড় সুযোগ। তাই যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জনই তাদের লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, কোনো প্রতিপক্ষকে ভয় পেয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে আসেনি এবং দল নিজেদের সামর্থ্য সম্পর্কে জানে।
হামজা আরও বলেন, আসিয়ান কাপ বাংলাদেশের জন্য শেখার একটি প্রক্রিয়া। এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করাই তাদের লক্ষ্য।
গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। স্বাগতিকদের নিয়েও প্রশংসা করেছেন হামজা।
তার মতে, ইন্দোনেশিয়া র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং দলটিতে মানসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি দক্ষ কোচও আছেন।
হামজার ভাষ্য, ফুটবলকে ইন্দোনেশিয়ায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং দলটি বেশ শক্তিশালী। বিশ্বকাপ বাছাইপর্বেও ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকবে বলে মনে করেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার আসিয়ান কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
আরু|



