সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
দুদকের ভাষ্য, তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে ইমা ক্লেয়ার বার্টনের গোপনে দেশত্যাগের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ ও তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রা বন্ধের আবেদন করা হয়।
দুদকের অনুসন্ধানে ইমা ক্লেয়ার বার্টনের নামে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের তথ্য পাওয়ার কথা জানানো হয়। পরে তাকে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করেননি। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। সংস্থাটি তখন জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই সময় তার ঘোষিত সম্পদের মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি বলে জানায় কমিশন। পাশাপাশি নওফেল ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি ৮৯ লাখ টাকার বেশি জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকার বেশি উত্তোলনের তথ্য পাওয়ার কথা জানায় দুদক।
দুদকের এসব অভিযোগ ও মামলার তদন্ত এখনো চলমান। অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
আরু|



