সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাতে আল-উকাইর–আল-উয়ুন সড়কে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় নিহত হন। সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে জানানো হয়েছে, একটি গাড়ি আকস্মিকভাবে দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স, ট্রাফিক বিভাগ ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে। তবে দুর্ঘটনায় থাকা নয়জনই মারা যান।
আল-উকাইর–আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করেছে।
সূত্র: সৌদি গেজেট, আল-ইয়াওম
আরু|



